বড়লেখায় সৌরচালিত সেচ পাম্প ও হ্যামার মিলের উদ্বোধন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নবপল্লব প্রকল্পের আওতায় সৌরচালিত সেচ পাম্প ও সৌরচালিত হ্যামার মিলের শুভ উদ্বোধন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সাতকরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাসির উদ্দীন আহমেদ মিঠু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব। উপজেলা প্রশাসন, বড়লেখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু বলেন, কৃষিকে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। সৌরচালিত সেচ পাম্প ও হ্যামার মিল কৃষকদের উৎপাদন ব্যয় কমাবে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াবে এবং কৃষি উৎপাদনকে আরও টেকসই করবে।
এ সময় তিনি কৃষকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন এবং কৃষি খাতের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সৌরচালিত সেচ পাম্প ও সৌরচালিত হ্যামার মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সজল
মন্তব্য করুন: