কুলাউড়ায় পুলিশের পোশাকে তল্লাশির নামে ডাকাতির অভিযোগ

অলংকার ও মুঠোফোন লুট

কুলাউড়ায় পুলিশের পোশাকে তল্লাশির নামে ডাকাতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বিয়ানীবাজার

২৯/০৬/২০২৬ ২১:৫৭:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া–মৌলভীবাজার সড়কে পুলিশের পোশাক পরে এক প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে।  গতকাল রোববার গভীর রাতে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুয়াইউনি চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা মাছুম আহমেদ ও তাঁর পরিবার।


ভুক্তভোগী মাছুম আহমেদ জানান, গতকাল গভীর রাতে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজের ব্যক্তিগত গাড়িতে করে বিয়ানীবাজার থেকে কুলাউড়া হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক দেড়টার দিকে গাড়িটি লুয়াইউনি চা-বাগান এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরা একদল ব্যক্তি তাঁদের গতিরোধ করে।


এরপর নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তল্লাশির নামে গাড়িতে থাকা নগদ টাকা, তাঁর স্ত্রী ও মেয়ের গলার রুপার চেইন, কানের ও নাকের সোনার অলংকার এবং সঙ্গে থাকা চারটি মুঠোফোন লুট করে নেয়। মালামাল লুট করার পর চক্রটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


এ ঘটনার পর ভুক্তভোগী মাছুম আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে পুরো ঘটনার বর্ণনা দেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


এদিকে পুলিশের পোশাক ব্যবহার করে সড়কে ডাকাতির ঘটনায় কুলাউড়া–মৌলভীবাজার সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলা চলাচলকারীদের নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা এই সড়কে নিয়মিত পুলিশি টহল জোরদার এবং ডাকাত চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না প্রথম সিলেটকে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad