প্রেমের জেরে মৌলভীবাজারে বাড়িঘরে তাণ্ডব, ভিটেমাটি ছাড়া পরিবার

টিকটকে প্রেম ও তরুণের পলায়ন

প্রেমের জেরে মৌলভীবাজারে বাড়িঘরে তাণ্ডব, ভিটেমাটি ছাড়া পরিবার

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

২৪/০৬/২০২৬ ১৭:০০:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টিকটক’-এর সূত্র ধরে প্রেমের সম্পর্কের জেরে এক তরুণী বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর চরম প্রতিবাদের মুখে পড়েছে একটি পরিবার। মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রেমিকের পরিবারকে এলাকাছাড়া করতে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা-বাবাসহ পুরো পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।


এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জীবনের নিরাপত্তা চেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার কেওলা গ্রামের বাসিন্দা সালমান মিয়ার সাথে এক তরুণীর সম্পর্ককে কেন্দ্র করে এই বিরোধের সৃষ্টি হয়। ভুক্তভোগীদের অভিযোগ, এর আগে সালমানকে অপহরণ ও গুম করার চেষ্টা এবং তাদের বসতবাড়িতে ব্যাপক হামলা-লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় সালমানের মা আফিয়া বেগম বাদী হয়ে মৌলভীবাজারের ৪ নম্বর আমল গ্রহণকারী আদালতে একটি মামলা (সি.আর. মামলা নং-১৬৪/২০২৬) দায়ের করেন, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।


আদালতে দায়েরকৃত এই মামলায় কেওলা গ্রামের বাসিন্দা তকলিছ মিয়া, রুবেল মিয়া, আহাদ মিয়া, নুরুল ইসলাম কালুসহ ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।


লিখিত অভিযোগে ভুক্তভোগী পরিবার দাবি করেছে, আদালতে মামলা করার পর থেকেই অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। মামলা প্রত্যাহার না করলে পুরো বাড়ি আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি পরিবারের কোনো সদস্য নিজ বাড়িতে প্রবেশের চেষ্টা করলেই অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলার চেষ্টা চালাচ্ছে।


ভুক্তভোগী পরিবার জানায়, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ-মীমাংসার চেষ্টা করলেও অভিযুক্ত পক্ষ কোনো ধরনের সামাজিক সমাধান বা আইনের তোয়াক্কা করছে না। ফলে নিজেদের ও বৃদ্ধ মা-বাবার জীবনের নিরাপত্তার স্বার্থে তারা এখন বাড়িঘর ছেড়ে ফেরারি জীবনযাপন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।


এ বিষয়ে অভিযুক্ত পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মৌলভীবাজার জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, এসপি বরাবর দেওয়া লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একটি প্রেমের ঘটনাকে কেন্দ্র করে পুরো একটি পরিবারকে এভাবে উচ্ছেদ ও হুমকির মুখে ফেলার এই ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad