কমলগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম,অবস্থা আশঙ্কাজনক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে ফয়ছল আহমদ (৩০) নামের এক যুবককে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার ২ নম্বর পতনঊষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ফয়ছল আহমদ রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রামেশ্বরপুর গ্রামের আলাল মিয়ার সঙ্গে ফয়ছল আহমদের দীর্ঘদিনের বিরোধ ছিল। আজ সকালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলাল মিয়া আকস্মিকভাবে দেশীয় অস্ত্র (কোদাল) দিয়ে ফয়ছলের মাথায় সজোরে আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন ফয়ছলকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
রামেশ্বরপুর গ্রামের এক বাসিন্দা বলেন, "আলাল মিয়া পরিকল্পিতভাবে কোদাল দিয়ে ফয়ছলের মাথায় কোপ দিয়েছেন। আমরা এই নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।"
এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত আলাল মিয়াকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: