হবিগঞ্জে ‘হোম ডেলিভারি’ মাদক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
হবিগঞ্জ শহরে মাদকের ‘হোম ডেলিভারি’ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত পরিচালিত পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ৩১ বোতল বিদেশি মদ, ১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের মোশারফ হোসেন (২৮), জলিলপুর গ্রামের সুমন দাসগুপ্ত (৪৬), হবিগঞ্জ শহরের শঙ্করমুখ এলাকার রনজিৎ দাশ (৫০) এবং সদর উপজেলার কামড়াপুর পশ্চিমপাড়ার মো. ছামাদ (৪৪)। পুলিশ জানায়, এই চক্রটি নিজেদের বাসায় মাদক মজুত রেখে শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যরা ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে তাঁদের হাতেনাতে আটক করেন।
অভিযানে মোশারফ হোসেনের কাছ থেকে ১৮টি ইয়াবা ও নগদ ৫ হাজার ৪০০ টাকা, সুমন দাসগুপ্ত ও রনজিৎ দাশের কাছ থেকে ৩১ বোতলে ১৬ লিটারের বেশি বিদেশি মদ এবং ছামাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: