হামে শিশুমৃত্যু ও বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ
হামে আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি প্রদান, কার্যকর চিকিৎসা নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার শহর শাখা।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শহরের টিসি মার্কেট এলাকার জেলা কার্যালয়ের সামনে বৈরী আবহাওয়ার মধ্যে সংক্ষিপ্তভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহর শাখার আহ্বায়ক বিজয় দাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্যামল সরকার। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর।
বক্তারা অভিযোগ করেন, হামের টিকা ব্যবস্থাপনায় অনিয়ম ও অবহেলার কারণে দেশে চারশোর বেশি শিশুর মৃত্যু হয়েছে। তারা এ ঘটনায় স্বাস্থ্য খাতের ব্যর্থতা ও সরকারি উদাসীনতাকে দায়ী করে জড়িতদের বিচার দাবি করেন।
সমাবেশে আরও বলা হয়, শিশুমৃত্যু রোধে টিকা নিশ্চিত করার পরিবর্তে সরকার অন্য খাতে অগ্রাধিকার দিচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে “বৈষম্যমূলক” উল্লেখ করে তা বাতিলের দাবি জানানো হয়।
বক্তারা দাবি করেন, দেশের কৃষি, শিল্প ও বাণিজ্য ক্ষতিগ্রস্ত করার মতো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থানও প্রশ্নবিদ্ধ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দায়ীদের দ্রুত শাস্তি এবং শিশুদের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
ডি আর ডি
মন্তব্য করুন: