মৌলভীবাজার পাসপোর্ট অফিসে প্রবীণকে হয়রানির অভিযোগ
মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক প্রবীণ ব্যক্তিকে হয়রানির অভিযোগ উঠেছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও আগের পাসপোর্টের তথ্যের সঙ্গে আবেদনপত্রের মিল থাকার পরও তাঁর আবেদন গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর নাম শাহাবুদ্দিন ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, মঙ্গলবার পাসপোর্টের আবেদন জমা দিতে গেলে কর্মকর্তারা তাঁর ইংরেজি নামের বানান নিয়ে আপত্তি তোলেন। পরে তাঁকে নাম সংশোধন করে আসতে বলা হয়।
শাহাবুদ্দিন ভূঁইয়া বলেন, তাঁর এনআইডিতে ইংরেজি নাম ‘SHAB UDDIN BHUIYA’ হিসেবে রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী তিনি একই বানান ব্যবহার করে আবেদন করেন। তাঁর আগের পাসপোর্ট ও জন্ম নিবন্ধনেও একই তথ্য রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরও তাঁকে আবেদন সম্পন্ন করতে দেওয়া হয়নি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
এদিকে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: