প্রবাস থেকে ফেরা মৌলভীবাজারের এক বৃদ্ধের সন্ধান চায় ব্র্যাক
Led Bottom Ad

প্রবাস থেকে ফেরা মৌলভীবাজারের এক বৃদ্ধের সন্ধান চায় ব্র্যাক

কামরান আহমদ, মৌলভীবাজার

১৩/০৫/২০২৬ ২০:২৭:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ প্রবাসজীবনের শেষে দেশে ফিরেছিলেন তিনি। মনে ছিল হয়তো এক টুকরো শান্তির আশ্রয়, চেনা মাটির গন্ধে ফিরে আসার স্বস্তি। কিন্তু বাস্তবতা হলো আরও নির্মম। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফিরে আসা মৌলভীবাজারের বৃদ্ধ মো. আব্দুল মজিদ আজ দাঁড়িয়ে আছেন নিজের পরিচয়হীন এক অচেনা পৃথিবীতে।


গত ১২ মে রাত পৌনে আটটায় ‘এয়ার অ্যারাবিয়া’র একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। কিন্তু বিমানবন্দরের ব্যস্ত ভিড়ের মাঝেই ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে—এই মানুষটি যেন হারিয়ে ফেলেছেন নিজের পথ, নিজের স্মৃতি, নিজের পরিচয়।


বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে দ্রুত যোগাযোগ করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক এর মাইগ্রেশন ওয়েলফেয়ার টিমের সঙ্গে। পরে মানবিক দায়িত্ববোধ থেকে তাঁকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়।


বর্তমানে আব্দুল মজিদ কথা বলতে পারেন না। নিজের নাম, ঠিকানা বা পরিবারের কোনো স্মৃতি তিনি আর স্পষ্টভাবে প্রকাশ করতে পারছেন না। বাম পায়ের গুরুতর আঘাত তাঁর কষ্টকে আরও বাড়িয়ে দিয়েছে—অন্যের সহায়তা ছাড়া স্বাভাবিকভাবে চলাফেরাও সম্ভব নয় তাঁর জন্য।


ট্রাভেল পারমিটে শুধু লেখা আছে—নাম মো. আব্দুল মজিদ, পিতার নাম মীর, ঠিকানা মৌলভীবাজার। কিন্তু মৌলভীবাজারের কোন গ্রাম, কোন বাড়ি—সেই স্মৃতিও এখন যেন ধোঁয়াশা।


চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে বর্তমানে ব্র্যাকের তত্ত্বাবধানে তিনি রয়েছেন। একজন প্রতিনিধি সারাক্ষণ তাঁর পাশে থেকে খাবার, চিকিৎসা ও যত্ন নিশ্চিত করছেন। তবুও চোখের ভেতর জমে থাকা শূন্যতা যেন বারবার বলে যায়—এই মানুষটি কোথাও হারিয়ে গেছেন অনেক আগেই, শুধু শরীরটা পড়ে আছে এখানে।


ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার তাঁর পরিবারের সন্ধানে সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে। কেউ যদি তাঁকে চিনে থাকেন বা তাঁর পরিবারের সন্ধান জানেন, তাহলে দ্রুত যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।


যোগাযোগ: ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার, চট্টগ্রাম — +8801897-611332


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad