আবশেষে দেশে ফিরছে মৌলভীবাজারের ফুরকান আলী
Led Bottom Ad

সৌদিতে নির্যাতনের শিকার

আবশেষে দেশে ফিরছে মৌলভীবাজারের ফুরকান আলী

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

১০/০৫/২০২৬ ১৮:৪৬:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সৌদি আরবে কফিল (নিয়োগকর্তা) কর্তৃক অমানবিক নির্যাতনের অভিযোগে আলোচিত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ফুরকান আলী অবশেষে দেশে ফিরছেন। দীর্ঘ অনিশ্চয়তা ও ভোগান্তির পর তিনি বর্তমানে সৌদি আরব থেকে ট্রানজিট নিয়ে কাতারে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার। সেখান থেকে তার বাংলাদেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।


ফুরকান আলী কুলাউড়া উপজেলার দক্ষিণ বুধপাশা (আড়িটিল্লা) গ্রামের বাসিন্দা। তার দেশে ফেরার খবরে পরিবারে স্বস্তি ফিরলেও পুরো ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় ফুরকান আলী দাবি করেন, তিনি দালালের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে সৌদি আরবে যান এবং সেখানে কফিল কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের মুখোমুখি হন। কান্নাজড়িত কণ্ঠে তার সেই বক্তব্য দ্রুতই ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।


পরিবারের অভিযোগ, উন্নত জীবনের আশায় বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে তাকে নেওয়া হলেও সেখানে তিনি চরম দুর্ভোগে পড়েন।


তবে তাকে বিদেশে পাঠানো ব্যক্তির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, ফুরকান আলী কাজের চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন এবং দেশে ফিরতে নিজের সুবিধার্থে নির্যাতনের অভিযোগ তুলছেন।


এ বিষয়ে স্থানীয় পর্যায়ে ভিন্ন ভিন্ন বক্তব্য থাকলেও তার দেশে ফেরার খবরে স্বস্তি ফিরেছে স্বজনদের মধ্যে। তারা জানান, দীর্ঘ সময় ধরে ছেলের খোঁজে উদ্বেগে ছিলেন তারা। এখন তার নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন।


এদিকে স্থানীয় সচেতন মহল প্রবাসে শ্রমিকদের নিরাপত্তা ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের ঘটনা বারবার ঘটলেও কার্যকর নজরদারির অভাবে প্রতারণা ও নির্যাতনের ঘটনা থামছে না।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad