শ্রীমঙ্গলের কালিঘাট-খেজুরিছড়া ১৩ কিলোমিটার সড়ক জুড়েই দুর্ভোগ
Led Bottom Ad

শ্রীমঙ্গলের কালিঘাট-খেজুরিছড়া ১৩ কিলোমিটার সড়ক জুড়েই দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১০/০৫/২০২৬ ১২:৩৯:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

অকাল বর্ষণের ফলে বোরো ফসলের ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই এবার ধস নামতে শুরু করেছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট থেকে খেজুরিছড়া চা বাগান পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার আঞ্চলিক সড়কটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। চৈত্রের সামান্য বৃষ্টিতেই সড়কের পিচ ও পাথর উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যা এখন কর্দমাক্ত মরণফাঁদে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কালিঘাট চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে খেজুরিছড়া চা বাগানের ডিনস্টন সিমেট্রি পর্যন্ত অন্তত ৮ কিলোমিটার অংশের অবস্থা অত্যন্ত নাজুক। সড়কজুড়ে সৃষ্ট খানাখন্দে পানি জমে থাকায় গর্তের গভীরতা বুঝতে না পেরে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সিএনজি অটোরিকশা ও জিপের যাত্রীরা। এই পথে নিয়মিত চলাচলকারী পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ বর্তমানে চরম ভোগান্তিতে রয়েছেন। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এবং মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় শিক্ষার্থী রীতা বোনার্জী জানান, রাস্তার বেহাল দশার কারণে ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায় এবং বৃষ্টির দিনে কাদাপানিতে বই-খাতাও নষ্ট হয়ে পড়ে।

যানবাহন চালকদের দাবি, এই সড়কে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে গিয়ে প্রায়ই চাকা আটকে যায় বা গাড়ি বিকল হয়ে পড়ে। গতকালও খানাখন্দে পড়ে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব জানান, ইতিমধ্যে সড়কটির সাড়ে তিন কিলোমিটার সংস্কার করা হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন প্রকল্পে বাকি সাড়ে ৯ কিলোমিটার সড়ক সংস্কারের পরিকল্পনা রয়েছে এবং দ্রুতই কাজ শুরু হবে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অপেক্ষায় না থেকে জনস্বার্থে জরুরি ভিত্তিতে সড়কটি এখনই মেরামত করা প্রয়োজন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad