‘বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন মির্জা ফখরুলসহ ১৫ গুণীজন
সদ্য প্রবর্তিত ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’-এর জন্য মনোনীত হয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তিত্ব।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি (ইনক)’ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এই সম্মাননা পদকটি চালু করেছে। এবারের তালিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহদী আমিন, এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বাসসের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন সবুজ, ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী, বিসিবি সভাপতি তামিম ইকবাল, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, শিল্পপতি ড. আবুল কাশেম হায়দার, ব্যবসায়ী আবদুল হক এবং বেগম জিয়ার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগমকে এই স্বর্ণপদক প্রদানের জন্য মনোনীত করা হয়েছে।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর দেশের উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণী ব্যক্তিদের এই সম্মাননা পদকে ভূষিত করা হবে। এই পুরস্কার প্রবর্তনের সংবাদে প্রবাসী ও স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: