মৌলভীবাজারে ঘুষের বিনিময়ে অবৈধ জিরাভর্তি ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগ
Led Bottom Ad

মৌলভীবাজারে ঘুষের বিনিময়ে অবৈধ জিরাভর্তি ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৮/০৫/২০২৬ ২১:০৫:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলা সদরে অবৈধ জিরাভর্তি একটি ট্রাক আটকের পর ঘুষের বিনিময়ে সেটি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানা–এর কয়েকজন সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত বুধবার ভোর চারটার দিকে শহরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সামনে জিরা বোঝাই একটি ট্রাক আটক করেন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহাগ ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। পরে ট্রাকটি থানার সামনে নিয়ে যাওয়া হয়।


অভিযোগ রয়েছে, ভোর পাঁচটার দিকে একটি বিশেষ মহলের মধ্যস্থতায় দেড় লাখ টাকার বিনিময়ে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়। ট্রাকে বিপুল পরিমাণ অবৈধ জিরা ছিল বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের। সংবাদমাধ্যমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ। মশাহিদ জানান একটি সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তিনি এই আর্থিক লেনদেনের বিষয়টি নিশ্চিত হয়েছেন।


এ বিষয়ে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, “সদর হাসপাতালের সামনে জিরা বোঝাই ট্রাক আটকের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”


অভিযোগের বিষয়ে এএসআই সোহাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad