বিলে ধান কাটতে গিয়ে রাজনগরে নিভে গেল চা শ্রমিকের প্রাণ
Led Bottom Ad

বিলে ধান কাটতে গিয়ে রাজনগরে নিভে গেল চা শ্রমিকের প্রাণ

নিজস্ব প্রতিনিধি, রাজনগর

০৫/০৫/২০২৬ ১৩:১৩:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘি হাওরে ধান বোঝাই নৌকা ডুবে রঞ্জন বাউরী (৪০) নামে এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাউয়াদিঘি হাওরের উত্তর পাশের গোলাইয়া বিল থেকে ধান কেটে নৌকাযোগে মালিকের বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।


সোমবার (৪ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার এলাকায় পৌঁছার আগেই অতিরিক্ত ধান বোঝাই নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় নৌকায় থাকা আনকার মিয়া সাঁতার কেটে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও রঞ্জন বাউরী পানিতে তলিয়ে যান।


স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে পানির নিচ থেকে তুলে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত রঞ্জন বাউরী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানের ৪৪ নম্বর পাট্টার বাসিন্দা বাসুদেব বাউরীর দ্বিতীয় ছেলে। জীবিকার তাগিদে তিনি গত প্রায় ১৫-২০ দিন ধরে এলাকায় মৌসুমি ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করছিলেন।


এলাকার বাসিন্দা আব্দুর রউফ বলেন,রঞ্জন একজন পরিশ্রমী শ্রমিক ছিলেন। হঠাৎ এ ধরনের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।


রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। স্বজনদের অবহিত করা হয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



জুয়েল আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad