অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত সকল কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রবিবার (৩ মে) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।
রিটে ওই সরকারের সময় গৃহীত বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন করে ড. ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখারও আর্জি জানানো হয়েছে। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।
আজ সোমবার (৪ মে) রিটকারী আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তিনি এই সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আরও একটি রিট করেছিলেন, যা হাইকোর্ট ও পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেন। ২০২৪ সালের ৪ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এক আদেশে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রপতির বিশেষ রেফারেন্স ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে ড. ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। নতুন এই রিট আবেদনটি নিয়ে আজ দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানাবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
এ রহমান
মন্তব্য করুন: