বাঁধ ভেঙে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত: চরম দুর্ভোগে এলাকাবাসী
Led Bottom Ad

বাঁধ ভেঙে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত: চরম দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০২/০৫/২০২৬ ২১:২০:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (২ মে) বিকেলে খালের বাঁধের একটি অংশ ধসে পড়লে উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়। আকস্মিক এই বন্যার ফলে গ্রাম দুটির অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি লোকালয়ে পানি ঢুকে পড়ায় কয়েকশ মানুষ দুর্ভোগের মুখে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে উজান থেকে আসা পানির চাপে লাউয়াছড়া খালের বাঁধটি টিকতে না পেরে ভেঙে যায়। এতে প্রবল বেগে পানি লোকালয়ে প্রবেশ করে ছনগাঁও-ভানুবিল ইট সলিং সড়কটির ব্যাপক ক্ষতিসাধন করেছে। ভানুবিল গ্রামের বাসিন্দা শামীম মিয়া ও আলাউদ্দিন এবং ছনগাঁও গ্রামের ভুতু সিংহ জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি ও উঠান পানিতে তলিয়ে গেছে। বিকেল থেকে স্থানীয়দের হাঁটু সমান পানির মধ্য দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

আদমপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রোশন আলী জানান, পাহাড়ি ঢলের তোড়ে অন্তত ৪০ থেকে ৫০টি বসতবাড়ির আঙিনায় পানি উঠেছে এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাট তলিয়ে গেছে। বিষয়টি ইতিমধ্যে প্রশাসনের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দুই গ্রামের প্লাবিত হওয়ার খবর পেয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad