কমলগঞ্জে মানুষ গড়ার কারিগর দুই ভাইয়ের একসঙ্গে অবসর
একই দিনে শিক্ষকতা জীবনের সূচনা, একই দিনে দীর্ঘ পথচলার ইতি। এমন বিরল আর আবেগঘন ঘটনা ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। দুই সহোদর আব্দুল আলিম ও আব্দুল আজিম টানা ৩৬ বছরের শিক্ষকতা শেষে বৃহস্পতিবার একসঙ্গেই সরকারি চাকরি থেকে অবসরে গেছেন।
কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের এই দুই ভাই শুধু রক্তের সম্পর্কে নয়, জীবনের লক্ষ্য ও আদর্শেও ছিলেন একসঙ্গে পথচলার সাথী। ১৯৯০ সালের ৩০ এপ্রিল একই দিনে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন তাঁরা। দীর্ঘ সাড়ে তিন দশক পর ঠিক সেই তারিখেই কর্মজীবনের পর্দা নামল দুজনের।
পারিবারিক সূত্রে জানা যায়, আদমপুরের মধ্যভাগ মোকামবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তাঁদের পরিবার থেকেই প্রতিষ্ঠিত হয়েছিল। সেই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শুরু হয়েছিল দুই ভাইয়ের শিক্ষকতার যাত্রা। এরপর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে নিষ্ঠা, সততা ও ভালোবাসা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করেছেন তাঁরা।
সর্বশেষ বড় ভাই আব্দুল আলিম ২নং ভানুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ছোট ভাই আব্দুল আজিম কর্মরত ছিলেন মধ্যভাগ মোকামবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে।
বৃহস্পতিবার দুপুরে ভানুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আব্দুল আলিমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একই দিনে ছোট ভাই আব্দুল আজিমও নিজ কর্মস্থল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরে যান। বিদায়ী আয়োজনে শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল কৃতজ্ঞতা।
স্থানীয় বাসিন্দা শাব্বির এলাহী বলেন, “দুজন স্যারই আমাদের এলাকার গর্ব। তাঁরা শিক্ষার আলো জ্বালিয়েছেন। তাঁদের অবসরে যাওয়ায় যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হবে না।”
অবসরে যাওয়া বড় ভাই আব্দুল আলিম বলেন, “আমরা একই দিনে এই মহান পেশায় এসেছিলাম। আজ একসঙ্গে বিদায় নিতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। মানুষের ভালোবাসা আর সহকর্মীদের সহযোগিতা আমরা আজীবন মনে রাখব।”
দুই ভাইয়ের এই একসঙ্গে শুরু আর একসঙ্গে বিদায়ের গল্প এখন কমলগঞ্জজুড়ে অনুপ্রেরণা, ভালোবাসা আর আবেগের এক উজ্জ্বল উদাহরণ।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: