মৌলভীবাজারে মাদক সেবনে বাধা দেওয়ায় চাচার ছুরিকাঘাতে নারী নিহত
Led Bottom Ad

আহত ৩

মৌলভীবাজারে মাদক সেবনে বাধা দেওয়ায় চাচার ছুরিকাঘাতে নারী নিহত

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

২২/০৪/২০২৬ ২০:৪৩:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাদক সেবন দেখে ফেলায় ভাতিজার ওপর হামলার জেরে এক প্রতিবেশী নারী নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত বকুল বেগম (৫৫) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত হেলিম মিয়াকে (৪৫) তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিদ্ধেশ্বরপুর গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে হেলিম মিয়াকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে ফেলেন তাঁর ভাতিজা সাইদুল ইসলাম (২৫)। এতে ক্ষিপ্ত হয়ে হেলিম দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সাইদুলের ওপর অতর্কিত হামলা চালান। প্রাণ বাঁচাতে সাইদুল দৌড়ে প্রতিবেশী বকুল বেগমের ঘরে আশ্রয় নিলেও ঘাতক হেলিম সেখানে ঢুকে তাঁকে পুনরায় ছুরিকাঘাত করতে থাকেন। এ সময় গৃহকর্ত্রী বকুল বেগম বাধা দিতে এগিয়ে এলে হেলিম তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন, এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চিৎকার শুনে সাইদুলের ভাই আমিনুল ইসলাম ও বকুল বেগমের জামাতা ওয়াদুদ মিয়া বাঁচাতে এলে তাঁদেরও কুপিয়ে গুরুতর জখম করেন হেলিম।

আহতদের উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রহিমপুর ইউপি চেয়ারম্যান সিতাংশু কর্মকার জানান, অভিযুক্ত হেলিম মিয়া দীর্ঘদিনের মাদকাসক্ত এবং এর আগেও একাধিকবার অপরাধমূলক কর্মকাণ্ডে জেল খেটেছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘাতক হেলিম মিয়াকে গ্রেপ্তার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad