মৌলভীবাজারে হাসপাতালের নার্সদের ওপর হামলা, আটক ১
Led Bottom Ad

মৌলভীবাজারে হাসপাতালের নার্সদের ওপর হামলা, আটক ১

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২২/০৪/২০২৬ ২০:৩০:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সরকারি নির্ধারিত ফি আদায়কে কেন্দ্র করে কর্তব্যরত নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালের বহির্বিভাগে এই হামলার ঘটনা ঘটে। এতে দুই নার্স আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনদের কাছে সরকারি নিয়ম অনুযায়ী পেয়িং বেডের নির্ধারিত ফি পরিশোধের অনুরোধ করেন কর্তব্যরত নার্সরা। এই অনুরোধকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সাথে নার্সদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বজনরা নার্সদের ওপর চড়াও হয়ে হামলা চালায়। এতে দুইজন নার্স জখম হন। ঘটনার পরপরই হাসপাতালের অন্যান্য কর্মী ও নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি শান্ত করেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি বিধি অনুযায়ী দায়িত্ব পালন করতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। খবর পেয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন এবং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং অন্য একজন পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad