মৌলভীবাজারে চোর আতঙ্ক : চারদিনে একাধিক চুরি
মৌলভীবাজারের রাজনগর উপজেলা-এর মনসুরনগর ইউনিয়নে টানা কয়েক দিনের ব্যবধানে একাধিক চুরির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ১২ এপ্রিল থেকে চার দিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক চুরির ঘটনা ঘটলেও এখনো কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল গভীর রাতে চুরির ঘটনা শুরু হয়। ওই রাতে বানারাই বাজার ও ব্রাহ্মণবাজার এলাকায় একযোগে পাঁচ থেকে ছয়টি দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মালামাল লুটে নেয় চোরচক্র। একই রাতে বানারাই মাদ্রাসার দানবক্স ভেঙেও টাকা চুরি করা হয়।
এরপর ১৩ এপ্রিল ওয়াস স্টোর নামের একটি প্রতিষ্ঠানে চুরি হয়। ১৪ এপ্রিল রাতে আবারও চোরচক্রের হানা—এবার একটি মাদ্রাসার আরও তিনটি দানবক্স ভেঙে টাকা নিয়ে যায় তারা। পরদিন ১৫ এপ্রিল রাতে মনসুরনগরের চকিরাই এমপির বাজারে নোহা ও মাহা ভেরাইটিজ স্টোরে বড় ধরনের চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, মাত্র চার দিনে দোকান ও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে কয়েক লাখ টাকা ও বিপুল পরিমাণ মালামাল চুরি হয়েছে। একের পর এক ঘটনায় ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। প্রতিটি ঘটনার পর থানায় লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দেওয়া হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
বর্তমানে পুরো মনসুরনগর ইউনিয়নে চোর আতঙ্ক বিরাজ করছে। রাতের বেলা স্থানীয়ভাবে পাহারার ব্যবস্থা করা হলেও চোরচক্রের তৎপরতায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। দ্রুত চোরচক্রকে আইনের আওতায় আনা, লুট হওয়া মালামাল উদ্ধার এবং এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এ বিষয়ে রাজনগর থানা জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: