মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতের গুলিতে ডাকাত আহত
মৌলভীবাজারের মৌলভীবাজার সদর উপজেলা-এর একটি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায় একদল ডাকাত। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে তাদেরই এক সদস্য আহত হন। পরে তাকে আটক করে হাসপাতালে নেয় পুলিশ।
সোমবার রাতে সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন-এর বাউরভাগ গ্রামের মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, রাতে বৃষ্টি ও ঝড়ের আভাসে কয়েকজন গ্রামবাসী টর্চলাইট নিয়ে মাছ ধরতে বের হন। এ সময় কবরস্থানের পাশে ৪–৫ জন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিষয়টি অন্যদের জানান তারা। পরে এলাকাবাসী এগিয়ে গেলে ওই ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন।
একপর্যায়ে ‘ডাকাত’ বলে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হন। ধাওয়া খেয়ে পালানোর সময় কাদামাটির মধ্যে এক ডাকাতকে ধরে ফেলেন গ্রামবাসী। এ সময় অন্য সদস্যরা তাকে ছাড়িয়ে নিতে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আটক ওই ডাকাতের শরীরেই লাগে।
আহত ব্যক্তির নাম সৈয়দ শামসুর রহমান (ওরফে আতিক)। তাঁর বাড়ি সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায়। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
পুলিশ জানায়, পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: