কমলগঞ্জে ৬ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২৫-২০২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৬ হাজার ৩০০ জন কৃষকের হাতে এসব কৃষি সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জয়ন্ত কুমার রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান এবং জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিতরণ কর্মসূচীর আওতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার তালিকাভুক্ত ৬ হাজার ৩০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উচ্চ ফলনশীল জাতের আউশধানের বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার (১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি) বিনামূল্যে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, যার অংশ হিসেবে ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদসহ মওকুফ করা হয়েছে। এ বছর কৃষকদের সহায়তা বাড়াতে আউশ প্রণোদনার পরিধি বৃদ্ধি করা হয়েছে।’ তিনি আরও জানান, কৃষির উন্নয়নে ও সেচ সুবিধা নিশ্চিত করতে কমলগঞ্জ উপজেলায় বড় আকারে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার সকল খাল এই কর্মসূচির আওতায় আনা হবে। সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: