ঝুঁকিতে নতুন পাকা সড়ক
কুলাউড়ায় ঢলে ফানাই নদের বাঁধের ব্লক ধস
মৌলভীবাজারের কুলাউড়ায় ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে ফানাই নদের প্রতিরক্ষা বাঁধের সিসি ব্লক ধসে পড়েছে। এতে বাঁধের ওপর নির্মিত ১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ের নয়াগাঁও-অলিপুর নতুন পাকা সড়কটি এখন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় দুই বছর আগে বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ফানাই নদের ওপর নির্মিত সেতুর দক্ষিণ প্রান্ত থেকে ১ হাজার ১০০ মিটার দীর্ঘ সড়কটি পাকাকরণ করা হয়। কাজের অংশ হিসেবে অলিপুর এলাকায় নদের ভাঙনপ্রবণ প্রায় ৫৫ মিটার অংশে সিসি ব্লক স্থাপন করেছিলেন ঠিকাদার আবদুল লতিফ। তবে গত মার্চ মাসের শেষ দিকে কয়েক দিনের ভারী বৃষ্টির পর আসা পাহাড়ি ঢলের প্রবল স্রোতে বাঁধের একাংশের ব্লক ধসে পড়ে। নদের ওই অংশে একটি বড় বাঁক থাকায় বর্তমানে মাটি ধসে নদে চলে যাচ্ছে, যা পুরো সড়কটিকে হুমকির মুখে ফেলেছে।
রোববার (১২ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, ধসে পড়া ব্লকগুলো তুলে সড়কের অন্য পাশে স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত কণ্ঠে জানান, নিয়মিত বৃষ্টি হওয়ায় ভাঙনকবলিত স্থানটি দিন দিন আরও দুর্বল হয়ে পড়ছে। দ্রুত সংস্কার করা না হলে পাহাড়ি ঢলে সড়কসহ আশপাশের বাড়িঘর বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। নদের মাঝখানে বড় চর জেগে ওঠায় স্রোতের চাপ সরাসরি বাঁধের ওপর পড়ছে বলেও তাঁরা উল্লেখ করেন।
ঠিকাদার আবদুল লতিফ জানান, নদের গভীরতা বেশি হওয়ায় প্রতিরক্ষা দেয়ালটি স্রোতের টান সহ্য করতে পারেনি। এলজিইডির প্রকৌশলীরা স্থানটি পরিদর্শন করেছেন এবং ভাঙন রোধে স্থায়ী ও উঁচু প্রতিরক্ষা দেয়াল নির্মাণের প্রস্তাব পাঠানো হবে। এছাড়া স্রোতের চাপ কমাতে নদের বিপরীত পাশের চর খননযন্ত্র দিয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
কুলাউড়া উপজেলা প্রকৌশলী প্রীতম শিকদার বলেন, "ঠিকাদারের জামানতের টাকা এখনো জমা আছে। তাঁকে দ্রুত ধসে পড়া অংশ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
এ রহমান
মন্তব্য করুন: