মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী
Led Bottom Ad

মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৩/০৪/২০২৬ ১২:৩২:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএনপির নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার বাস্তবায়নে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঐতিহাসিক 'কৃষক কার্ড' বিতরণ কার্যক্রম। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সময়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার (১৩ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারের এই মহতী উদ্যোগের প্রথম ধাপে সারাদেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে। এর মধ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ১,১০০ জন কৃষক প্রথম পর্যায়ে এই কার্ড পাবেন। আগামী ৪ বছরের মধ্যে পর্যায়ক্রমে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই ডিজিটাল কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের পাশাপাশি ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

কৃষক কার্ডধারী কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধখামারিরা মোট ১০ ধরনের বিশেষ সুবিধা ভোগ করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—সরাসরি নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ও সেচ সুবিধা লাভ, সহজ শর্তে ঋণ প্রাপ্তি এবং কৃষি বিমা সুবিধা। সরকার প্রকৃত কৃষক শনাক্ত করতে ভূমিহীন (৫ শতাংশের কম জমির মালিক), প্রান্তিক (৫-৪৯ শতাংশ) ও ক্ষুদ্র (৫০-২৪৯ শতাংশ) সহ মোট ৫টি শ্রেণিতে কৃষকদের বিভক্ত করে একটি ডিজিটাল ডেটাবেজ তৈরি করেছে।

নির্বাচনি অঙ্গীকার রক্ষায় বর্তমান সরকার এরই মধ্যে ১২ লাখ কৃষকের প্রায় ১,৫৫০ কোটি টাকার কৃষিঋণ মওকুফ করেছে। কৃষক কার্ড প্রবর্তনের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই উদ্যোগকে দেশের কৃষি খাতের আধুনিকায়ন ও কৃষকের জীবনমান উন্নয়নে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad