শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিতে ‘অবসরপ্রাপ্ত শিক্ষক’ নিয়োগের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট দূর করতে এবং শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সচল রাখতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের নিয়ে একটি ‘শিক্ষক পুল’ গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই পুল থেকে প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে শিক্ষক নিয়োগের জন্য সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটিকে ক্ষমতা প্রদান করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। দেশের সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, এনটিআরসিএ কর্তৃক শিক্ষক নিয়োগে বিলম্ব হওয়ার কারণে অনেক প্রতিষ্ঠানে পাঠদান বিঘ্নিত হচ্ছে। এই সমস্যা সমাধানে অভিজ্ঞ এবং শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে উপজেলাভিত্তিক একটি তালিকা বা ‘পুল’ তৈরি করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট উপজেলার ইউএনও’র পরামর্শক্রমে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির অনুমোদনের মাধ্যমে এই পুল থেকে শিক্ষক নিয়োগ করা যাবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মানী বা বেতন ভাতা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে নির্বাহ করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই উদ্যোগের ফলে অভিজ্ঞ শিক্ষকদের সান্নিধ্যে শিক্ষার গুণগত মান বাড়বে এবং এনটিআরসিএ-র স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করছে মন্ত্রণালয়।
এ রহমান
মন্তব্য করুন: