বড়লেখায় সিএনজি চুরির ঘটনায় জনতার হাতে তিনজন আটক
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বারইগ্রাম এলাকায় সংঘটিত সিএনজি অটোরিকশা চুরির ঘটনার পর স্থানীয় জনতার তৎপরতায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—নান্দুয়া এলাকার আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলাম, দক্ষিণ টিকরপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে ইমরান হোসেন এবং দক্ষিণবাগ এলাকার বুরান উদ্দিনের ছেলে সালমান হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে বারইগ্রাম এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা রহস্যজনকভাবে চুরি হয়ে যায়। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত মালিক ও এলাকাবাসী চোরদের শনাক্ত করতে মাঠে নামেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। পরে স্থানীয়দের উদ্যোগে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ট্রাক সমিতির কাছে সোপর্দ করা হয়।
ট্রাক সমিতির সদস্যরা প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা সিএনজি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানা গেছে। তারা আরও জানায়, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে তা বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তাদের এই স্বীকারোক্তির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় সিএনজি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কিন্তু জনতার সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগের ফলে চক্রটির সদস্যদের আটক করা সম্ভব হয়েছে। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে চোরচক্রের বাকি সদস্যদেরও গ্রেফতার করতে হবে।
এদিকে আটককৃতদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর মতে, চুরি ও অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা করছেন, এ ঘটনার মাধ্যমে এলাকায় চুরি-ডাকাতির প্রবণতা অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।
এ রহমান
মন্তব্য করুন: