সিসি ক্যামেরা ও কঠোর নজরদারিতে হবে এসএসসি পরীক্ষা
Led Bottom Ad

কেন্দ্র সচিবদের শিক্ষামন্ত্রীর নির্দেশ

সিসি ক্যামেরা ও কঠোর নজরদারিতে হবে এসএসসি পরীক্ষা

প্রথম ডেস্ক

১০/০৪/২০২৬ ২৩:৫৬:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত এবং স্বচ্ছ পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রতিটি পরীক্ষা কক্ষে বাধ্যতামূলক সিসি ক্যামেরা স্থাপন এবং পার্বত্য অঞ্চলের দুর্গম কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। আজ শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে কক্ষগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকতে হবে এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ব্যবস্থা নিতে হবে। নকল প্রতিরোধের বিষয়ে নিজের পূর্ব অভিজ্ঞতা তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় আবারও একটি নকলমুক্ত পরীক্ষা আয়োজন সম্ভব হবে। দায়িত্ব পালনকালে শিক্ষকদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে তিনি নির্ভয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া খাতা মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের সতর্ক করে তিনি বলেন, সঠিক উত্তরের ভিত্তিতেই নম্বর দিতে হবে; কোনোভাবেই কম বা বেশি নম্বর দেওয়া যাবে না।

প্রশ্নপত্র ফাঁসকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে মন্ত্রী হুঁশিয়ারি দেন যে, এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো অহেতুক আতঙ্কের সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতেও তিনি কেন্দ্র সচিবদের পরামর্শ দেন। আসন্ন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad