বড়লেখায় হলি লাইফ হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ
Led Bottom Ad

নবজাতকের মৃত্যুতে তোলপাড়

বড়লেখায় হলি লাইফ হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৯/০৪/২০২৬ ২৩:১৪:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা সদরস্থ হলি লাইফ স্পেশালাইজড (প্রা.) হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের চরম অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রাতে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে গর্ভস্থ শিশু স্বাভাবিক থাকলেও সকালে মৃত সন্তান প্রসবের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত নবজাতকের পিতা দুবাই প্রবাসী আব্দুল হামিদ ও মাতা লিপি বেগমের স্বজনরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল সন্তানসম্ভবা লিপি বেগমকে হলি লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় চিকিৎসক মা ও শিশুর অবস্থা স্বাভাবিক বলে জানান এবং পরদিন সকাল সাড়ে ৮টায় নরমাল ডেলিভারির আশ্বাস দেন। তবে অন্য একটি রিপোর্টে জরায়ুর পানি কম থাকার বিষয়টি উঠে এলেও হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত কোনো পদক্ষেপ নেয়নি।

পরিবারের অভিযোগ, রোগীর অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও দীর্ঘ সময় ফেলে রাখা হয় এবং নির্ধারিত সময়ের দুই ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে ১০টায় ডেলিভারি করায় নবজাতকের মৃত্যু ঘটে। তাদের দাবি, সময়মতো সঠিক সিদ্ধান্ত নিলে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়ানো সম্ভব হতো।

হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে স্বজনরা জানান, এই প্রতিষ্ঠানে ইতিপূর্বেও এমন একাধিক ঘটনার নজির রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে হলি লাইফ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান নূর নবী রাজু বলেন, "রোগীর অবস্থা আগে থেকেই অত্যন্ত জটিল ছিল এবং স্বজনদের অনুরোধেই নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়। প্রসবের পর বাচ্চা মারা গেলে সবাই তা মেনে নিয়ে দাফন সম্পন্ন করেন, কিন্তু এখন কেন তারা দায় চাপাচ্ছেন তা বোধগম্য নয়।"

বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad