মৌলভীবাজারে সীমান্তবর্তী দুর্গম কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তির আশঙ্কা
Led Bottom Ad

মৌলভীবাজারে সীমান্তবর্তী দুর্গম কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তির আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, জুড়ী

০৯/০৪/২০২৬ ১৫:১৭:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সরেজমিন পরিদর্শন ছাড়াই সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি পরীক্ষার কেন্দ্র ও ভেন্যু চূড়ান্ত করার অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী কেন্দ্র নির্ধারণের আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন বাধ্যতামূলক হলেও বোর্ডের প্রতিনিধিরা তা উপেক্ষা করেছেন বলে দাবি করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। এই সিদ্ধান্তের ফলে উপজেলা সদর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে এবং ভারতীয় সীমান্ত থেকে মাত্র ১-২ কিলোমিটার দূরত্বে অবস্থিত রাঘনা বটুলী উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র ঘোষণা করায় পরীক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগতভাবে সুবিধাজনক অবস্থানে থাকা সাগরনাল উচ্চ বিদ্যালয়ের ভেন্যু কোনো যৌক্তিক কারণ ছাড়াই বাতিল করা হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার জানান, পর্যাপ্ত অবকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও ভেন্যু বাতিল করায় শিক্ষার্থীদের এখন দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় পরীক্ষা দিতে যেতে হবে, যা বাড়তি আর্থিক ও মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে, একই ইউনিয়নের মাত্র তিন কিলোমিটারের মধ্যে দুটি কেন্দ্র স্থাপনকে অপরিকল্পিত ও প্রশাসনিক সম্পদের অপচয় হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। অতীতে সদর থেকে দূরে প্রশ্নপত্র পৌঁছাতে দেরি হওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

জুড়ীর একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী স্বীকার করেছেন যে, এই কেন্দ্র নির্ধারণ প্রক্রিয়ায় স্থানীয় পর্যায়ের কোনো মতামত নেওয়ার সুযোগ ছিল না এবং এটি সরাসরি বোর্ড থেকে চূড়ান্ত করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে সাগরনাল উচ্চ বিদ্যালয়ের ভেন্যু পুনর্বহাল এবং পরীক্ষা ব্যবস্থাপনায় ভৌগোলিক বাস্তবতা বিবেচনা করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad