সংসদে আইনমন্ত্রী
‘দেশে গত ৪২ দিনে কোনো গুম-ক্রসফায়ার হয়নি’
দেশে মানবাধিকার লঙ্ঘনের অতীত অভিজ্ঞতার স্মৃতিচারণ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৪২ দিনে বাংলাদেশে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি।
আজ বৃহস্পতিবার সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ উত্থাপনকালে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক আপত্তির জবাবে মন্ত্রী এই তথ্য তুলে ধরেন।
আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় এবং আর কোনো মায়ের বুক খালি হোক তা সরকার চায় না বলেই গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের মানবাধিকার কমিশন অধ্যাদেশে তদন্ত প্রক্রিয়া, সময়সীমা এবং ক্ষতিপূরণ নির্ধারণের বিষয়ে অস্পষ্টতা ও ত্রুটি থাকায় মানবাধিকার কমিশনের কার্যক্রমে যাতে কোনো আইনি শূন্যতা তৈরি না হয়, সেজন্য আপাতত ২০০৯ সালের আইনটি পুনর্বহাল করা হয়েছে। মন্ত্রী আরও জানান যে, ২০২৫ সালের অধ্যাদেশটিতে নিরপেক্ষতার অভাব এবং তদন্ত শেষে কমিশনের পক্ষ থেকে মামলা করার মতো সাংঘর্ষিক বিধান ছিল, যা গভীরভাবে যাচাই-বাছাই করা প্রয়োজন। গুমকে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অপরাধ হিসেবে অভিহিত করে তিনি বলেন, তড়িঘড়ি করে কোনো ত্রুটিপূর্ণ আইন পাস না করে বরং বস্তিবাসী থেকে শুরু করে রাজনৈতিক দল ও সকল স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক মানবাধিকার আইন প্রণয়ন করা হবে। আগামী ২০ বছরের উপযোগিতা বিবেচনা করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ আইন তৈরিতে তিনি সকল সংসদ সদস্যের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।
এ রহমান
মন্তব্য করুন: