বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’
Led Bottom Ad

সংসদে হাসনাত আবদুল্লাহ

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’

প্রথম ডেস্ক

০৮/০৪/২০২৬ ১৭:০৯:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুনর্গঠনে নগ্ন দলীয়করণের অভিযোগ তুলে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল’ পাসের ওপর আপত্তি জানাতে গিয়ে তিনি বলেন, “বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই; এটি এখন ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।”

হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা খর্ব করার সমালোচনা করে বলেন, ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক যেভাবে দখল করা হয়েছে এবং ক্রিকেট বোর্ডে যেভাবে দলীয়করণ করা হয়েছে, তা দেশের জন্য অশনিসংকেত। তিনি বিতর্কিত এই বিলটি পাসের আগে মানবাধিকার কমিশন অধ্যাদেশকে বিল আকারে পাসের জোর দাবি জানান।

হাসনাত আবদুল্লাহর এমন সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ পাল্টা অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কাউন্সিলরদের ওপর সরাসরি সরকারি ক্ষমতা প্রয়োগ করেছিলেন এবং হাইকোর্টে একটি রিট পেন্ডিং থাকা সত্ত্বেও একতরফাভাবে বোর্ড গঠনের ভোটিং প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

বিসিবি পুনর্গঠন নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের এই পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন কক্ষ। বিশেষ করে হাসনাত আবদুল্লাহর ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন নিয়ে এই রাজনৈতিক বিতর্ক বিসিবির ভাবমূর্তিকে আন্তর্জাতিক মহলে সংকটে ফেলতে পারে। বর্তমানে সংসদ অধিবেশনে এই নিয়োগ প্রক্রিয়া ও দলীয়করণের অভিযোগ নিয়ে ব্যাপক তোলপাড় চলছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad