মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক যেন উন্মুক্ত হাটবাজার
Led Bottom Ad

তীব্র জানজটে বাড়ছে জনভোগান্তি

মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক যেন উন্মুক্ত হাটবাজার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৭/০৪/২০২৬ ১৯:৩৩:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা শহরের ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট মহাসড়ক এখন এক ব্যস্ত বাজারে পরিণত হয়েছে। মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজ চললেও এর সুফল ভোগ করতে পারছে না সাধারণ মানুষ; বরং অবৈধ দখল আর অব্যবস্থাপনায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের দুই পাশে ভরাট করা বর্ধিত অংশ দখল করে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান ও ভ্রাম্যমাণ ফলের বাজার। সড়কের ওপরই সারি সারি দাঁড়িয়ে থাকছে পণ্যবাহী তিন চাকার যান ও হকারদের ঠেলাগাড়ি। ফলে প্রশস্ত হওয়ার পর যেখানে যান চলাচল সহজ হওয়ার কথা ছিল, সেখানে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

স্থানীয় ব্যবসায়ী সত্যজিত পাল অভিযোগ করেন, মহাসড়কের ওপর অবৈধভাবে বাজার বসানোর পেছনে একটি প্রভাবশালী চক্র সুবিধা নিচ্ছে, যার কারণে মূল বাজারের প্রবেশমুখও এখন প্রায় বন্ধ। এর ফলে দূরপাল্লার বাস-ট্রাক থেকে শুরু করে সাধারণ পথচারী—সবাইকে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

ট্রাক চালক বেনু মিয়া জানান, সড়কের ওপর যত্রতত্র তিন চাকার গাড়ি ঘুরিয়ে রাখা এবং অবৈধ বাজারের কারণে দীর্ঘ সময় জ্যামে আটকে থাকতে হয়।

অন্যদিকে, তিন চাকার যান চালক জহির মিয়ার দাবি, নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় বাধ্য হয়ে তারা সড়কের পাশে অবস্থান নেন।

স্থানীয়দের মতে, হাইওয়ে ও ট্রাফিক পুলিশের অনিয়মিত অভিযানে পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। নারী ও শিশুদের জন্য এই জনাকীর্ণ রাস্তা দিয়ে যাতায়াত এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, মহাসড়ক দখলমুক্ত রাখতে তারা নিয়মিত কাজ করছেন, তবে পুলিশ সরে গেলেই পুনরায় দখলদাররা ফিরে আসে।

এই বিশৃঙ্খলা রোধে এবং স্থায়ী সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের সমন্বিত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বর্তমানে বাজারের প্রধান সড়কে শৃঙ্খলা ফেরানোই এখন সাধারণ মানুষের প্রধান দাবিতে পরিণত হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad