কুলাউড়ায় মাটির ঘরের দেয়াল চাপায় যুবকের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিজের বসতঘরের পুরাতন মাটির দেয়াল সরাতে গিয়ে দেয়াল চাপায় সেলিম আহমদ (৩৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সেলিম আহমদ ওই গ্রামের মৃত রফিক উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেলিম নিজের ঘরের একটি পুরাতন মাটির দেয়াল অপসারণ করার কাজ করছিলেন। এসময় হঠাৎ দেয়ালের একটি বিশাল অংশ ভেঙে তার মাথার ওপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুই সন্তানের জনক সেলিম পেশায় একজন দক্ষ কাঠমিস্ত্রী ছিলেন। তবে গত কিছুদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় আক্রান্ত হয়ে তিনি ভারী কাজ করতে পারছিলেন না। অসুস্থ শরীর নিয়ে পরিবারের ভরণপোষণ ও নিজের চিকিৎসার খরচ জোগাতে তিনি স্থানীয় বাজারে গ্রাম থেকে ডাব, তরকারি ও বিভিন্ন ফলমূল এনে খুচরা বিক্রি করতেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের ঘরের দেয়াল সরানোর সময় দুর্ঘটনাবশত মাথায় আঘাত পেয়ে সেলিম আহমদের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অকালে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সেলিমের দুই শিশু সন্তান ও স্ত্রীর আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: