আইসোলেশন ইউনিট চালু
মৌলভীবাজারে বাড়ছে হামের প্রকোপ
সিলেটের পর এবার মৌলভীবাজারেও উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় জেলা সদর হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ আইসোলেশন কর্নার চালু করা হয়েছে।
সোমবার মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সংক্রমণ রোধে জেলা সদর হাসপাতালে ইতিমধ্যে ২০ শয্যার একটি ডেডিকেটেড আইসোলেশন ইউনিট কাজ শুরু করেছে এবং প্রতিটি উপজেলায় পাঁচ শয্যার পৃথক ইউনিট চালুর প্রক্রিয়া চলছে। বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে ১৩ জন রোগী আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সল জামান জানান, এ পর্যন্ত মোট ৩০ জন রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, জেলার বিভিন্ন উপজেলা থেকে এ পর্যন্ত প্রায় ১০০ জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।আক্রান্তদের অনেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, তবে রিপোর্ট আসতে কিছুটা বিলম্ব হচ্ছে। প্রতিদিন নতুন নতুন রোগী হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসায় আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
সিভিল সার্জন আরও জানান, রোগীর সংখ্যা বাড়লে আইসোলেশন শয্যার সংখ্যা আরও বাড়ানোর প্রস্তুতি রয়েছে স্বাস্থ্য বিভাগের। বিশেষজ্ঞ চিকিৎসকরা এই সময়ে শিশুদের প্রতি বিশেষ নজর দেওয়া এবং কোনো উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন যাতে এই সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ রহমান
মন্তব্য করুন: