মৌলভীবাজারে ইজারাকৃত জায়গা দখল করে ভ্রাম্যমাণ দোকান
Led Bottom Ad

মৌলভীবাজারে ইজারাকৃত জায়গা দখল করে ভ্রাম্যমাণ দোকান

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৬/০৪/২০২৬ ১৬:২৯:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজারে সরকারের কাছ থেকে ইজারাকৃত জায়গা জোরপূর্বক দখল করে ভ্রাম্যমাণ দোকান বসানোর অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ জায়গাটি ইজারাদারকে বুঝিয়ে দেওয়ার পরও একটি বিশেষ মহলের ছত্রছায়ায় অবৈধভাবে দোকান বসানোয় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন সরকার বাজারে ‘সোনাওর ম্যানশন-১’ নামক ভবনের বাণিজ্যিক প্রবেশপথ নির্মাণের জন্য ৩.৩০ শতাংশ ভূমি যথাযথ প্রক্রিয়া মেনে ইজারা নেন সোলেমান মিয়া। গত ২৯ মার্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে মাঠ পর্যায়ে জায়গাটি বুঝিয়ে দিলে তিনি সেখানে রাস্তা নির্মাণের জন্য ঢালাই কাজ সম্পন্ন করেন। তবে গত শনিবার সকালে একদল ভ্রাম্যমাণ ব্যবসায়ী জোরপূর্বক ওই ইজারাকৃত জায়গায় বসে পড়েন এবং ইজারাদারের অনুরোধ সত্ত্বেও তারা সেখান থেকে সরতে অস্বীকৃতি জানান।

ইজারাদার সোলেমান মিয়ার অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল ক্ষুদ্র ব্যবসায়ীদের ইন্ধন দিয়ে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছে।

সরকার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সামাদ সুনু জানান, একটি প্রভাবশালী চক্র ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে মোটা অঙ্কের জামানত ও মাসিক ভাড়া আদায় করছে, যা বৈধ ভবন মালিকদের যাতায়াতে চরম বিঘ্ন ঘটাচ্ছে।

মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ স্পষ্ট জানিয়েছেন, নিয়ম মেনেই ওই জায়গা ইজারা দেওয়া হয়েছে এবং সেখানে ভ্রাম্যমাণ দোকান বসানো সম্পূর্ণ বেআইনি; প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হোসেন বলেন, দুই বার সরেজমিনে গিয়ে জায়গাটি বুঝিয়ে দেওয়ার পরও পুনরায় দখলের খবর পেয়েছেন এবং দ্রুত আলোচনার মাধ্যমে এর স্থায়ী সমাধান করা হবে।

বর্তমানে ইজারাকৃত জায়গার দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে, যা যেকোনো সময় বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad