ওসমানীনগরে ইউএনও'র প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
Led Bottom Ad

তাজপুর ইউপি চেয়ারম্যান অপসারণে উত্তেজনা

ওসমানীনগরে ইউএনও'র প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

০৫/০৪/২০২৬ ২২:৪৯:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশার দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে এবং তার প্রত্যাহারের দাবিতে স্থানীয় বিএনপি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ব্যাপক বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদের অপসারণ আদেশ বাতিল ও তার পুনর্বহালের দাবি জানানো হয়।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি নির্বাচনি সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রকল্পে ইউএনও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করেছেন চেয়ারম্যান কবির আহমদ; যার প্রেক্ষিতে গত ৩ এপ্রিল সরকারি ছুটির দিনে তাকে অপসারণ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেন জেলা প্রশাসক। রোববার নবনিযুক্ত প্রশাসক মো. সাইফুল ইসলাম তালুকদার দায়িত্ব গ্রহণ করতে গেলে স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে পড়েন এবং আদালতের রিট মামলার কোনো আদেশের কপি দেখাতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর আগে ২৬ ফেব্রুয়ারি তাজপুর বাজারে উপজেলা সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে ইউএনও’র দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও অপসারণ চেয়ে মানববন্ধন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন।

স্থানীয়দের দাবি, ইউএনও মুনমুন নাহার আশা যোগদানের পর থেকেই জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে অসদাচরণ এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, যা ইতোমধ্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনাকেও অবহিত করা হয়েছে।

বর্তমানে ইউএনও’র মুঠোফোন বন্ধ থাকায় এবং জেলা প্রশাসক কল রিসিভ না করায় প্রশাসনিক বক্তব্য পাওয়া যায়নি, তবে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সংশ্লিষ্টরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দ্রুত ইউএনও’র প্রত্যাহার ও চেয়ারম্যানের পুনর্বহাল না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এই ঘটনায় ওসমানীনগরজুড়ে প্রশাসনিক অচলাবস্থা ও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad