শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রধান সড়কের বেহাল দশা
Led Bottom Ad

জলাবদ্ধতায় জনভোগান্তি চরমে

শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রধান সড়কের বেহাল দশা

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৫/০৪/২০২৬ ২১:০১:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রধান সড়কের দীর্ঘদিনের বেহাল দশা ও ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থাপনায় স্থানীয় বাসিন্দারা অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে হাঁটুসমান পানি জমে জনজীবন প্রায় অচল হয়ে পড়ায় এবং নালা-নর্দমা ভেঙে যাওয়ায় পানি নিষ্কাশনের কোনো কার্যকর পথ নেই বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া বড় বড় গর্ত বৃষ্টির পানিতে ছোট পুকুরে পরিণত হয়েছে, যা পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করছে; বিশেষ করে রিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল চালকরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে আহত হচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক চৌধুরী আক্ষেপ করে জানান, বছরের পর বছর ধরে সড়কটি অবহেলিত অবস্থায় পড়ে আছে এবং বারবার সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া, মাছুম মিয়া ও পারভীন আক্তার অভিযোগ করেন, বৃষ্টি হলেই এলাকাটি পানিতে ডুবে যায়, ফলে শিশু, বৃদ্ধ ও রোগীদের চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা কাদা-পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে।

এলাকাবাসীর মতে, নিয়মিত নালা-নর্দমা পরিষ্কার না করা এবং ড্রেনগুলো ভরাট হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই এই স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যার আধুনিক ও টেকসই সমাধান জরুরি। এই দুর্বিষহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ নাহিদ হোসেন জানান, পৌরসভার বিভিন্ন স্থানে বর্তমানে উন্নয়ন কাজ চলমান রয়েছে এবং প্রয়োজনীয় বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দ্রুততম সময়ে সড়ক ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

জনস্বার্থে এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে আসন্ন বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad