হবিগঞ্জ ও লাখাইয়ে পৃথক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু
হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় উমদা মিয়া (খোয়াই) ব্রিজ থেকে নিচে পড়ে গীতা রাণী দেব (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। নিহত গীতা রাণী বানিয়াচং উপজেলার আদমখানি মহল্লার মৃত রাজেশ চন্দ্র দেবের স্ত্রী।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ওই নারী তার ভাইয়ের সঙ্গে ডাক্তার দেখাতে শহরে এসেছিলেন; ফেরার পথে অসাবধানতাবশত ব্রিজ থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
অন্যদিকে, একই দিন লাখাই উপজেলার ভরপূর্ণী গ্রামে গাছের ডাল পড়ে ফয়জল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে অবস্থানকালে হঠাৎ একটি গাছের ডাল ভেঙে মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান; নিহত ফয়জল ওই গ্রামের মৃত মিয়াজত আলীর ছেলে। পৃথক এই দুটি দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ উভয় ঘটনার প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। জেলাজুড়ে একদিনে দুই মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মাঝে বিষাদ বিরাজ করছে।
এ রহমান
মন্তব্য করুন: