জুড়ীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব ৩ পরিবারের পাশে দাঁড়ালেন এমপি মিঠু
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতের ফলে সৃষ্ট বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ এপ্রিল) উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বিরইনতলা গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন— সৌদি আরব প্রবাসী হাজী আহমদ আলী, মাওলানা আব্দুল হাকিম ও মনির আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতের তীব্র শব্দে আকস্মিক বৈদ্যুতিক গোলযোগ দেখা দিলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে; এতে ৫টি শয়নকক্ষ ও ২টি দোকানসহ ঘরে থাকা নগদ অর্থ, আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো সব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ শনিবার বিকেলেই ঘটনাস্থল পরিদর্শন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠু। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের মাঝে মোট ১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। সংসদ সদস্যের এই তাৎক্ষণিক মানবিক সহায়তায় স্থানীয় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনে সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: