সংস্কার রক্ষায় ড. ইউনূসকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের
অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া বিভিন্ন সংস্কার ও অধ্যাদেশগুলো রক্ষায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তৎকালীন উপদেষ্টাদের রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৪ এপ্রিল) দুপুরে পবিত্র ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে যাদের ক্ষমতায় বসানো হয়েছিল, তারা আজ জনগণকে নিরাশ করছে; কিন্তু যতটুকু সংস্কার অর্জিত হয়েছে তা ধরে রাখতে ড. ইউনূস ও আসিফ নজরুলদের মতো ব্যক্তিদেরও এখন মাঠে নামতে হবে। বর্তমান বিএনপি সরকার অতি গুরুত্বপূর্ণ গুম প্রতিকার, মানবাধিকার কমিশন ও বিচারপতি নিয়োগ সংক্রান্ত ১০-১১টি অধ্যাদেশ সংসদে না এনে সেগুলো বাতিল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি আসলে নির্বাহী বিভাগের নিরঙ্কুশ ক্ষমতা ভোগের মাধ্যমে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে।
তিনি আরও দাবি করেন, বিএনপি মূলত একটি সংস্কারবিরোধী দল এবং তারা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ক্ষমতায় এসে এখন গুরুত্বপূর্ণ জনদাবিগুলো তোয়াক্কা করছে না, এমনকি গুমের শিকার হওয়া নিজেদের নেতাকর্মীদের আবেগকে কলঙ্কিত করে গুম বিরোধী অধ্যাদেশও বাতিল করতে চাইছে। সংসদে উপযুক্ত সমাধান না পাওয়ায় রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে এনসিপি আহ্বায়ক সতর্ক করে বলেন, সামনে অর্থনৈতিক মন্দা আসছে এবং জনগণের আস্থা না থাকলে বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না।
ড. ইউনূসকে নীরবতা ভেঙে মুখ খোলার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, সংস্কার না করে উপদেষ্টারা কেবল নিজেদের ক্যারিয়ারে ফিরে যাবেন—এমনটা হতে দেওয়া হবে না এবং তাদেরও জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। গুম ও মানবাধিকার সংক্রান্ত অধ্যাদেশগুলো আইনে পরিণত না করলে বিএনপি কখনোই কলঙ্কমুক্ত হবে না বলেও তিনি সংবাদ সম্মেলনে মন্তব্য করেন।
এ রহমান
মন্তব্য করুন: