কমলগঞ্জে অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার ডিজেল জব্দ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সরকারি বিধি লঙ্ঘন করে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, চিতলিয়া বাজারের হিরন এন্টারপ্রাইজের মালিক হিরন মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে আসছিলেন এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হলে আটটি ড্রাম ভর্তি ১৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়; তবে অভিযানের খবর টের পেয়ে অভিযুক্ত হিরন মিয়া ও তার ছেলে জুয়েল মিয়া পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, অবৈধ মজুতের মাধ্যমে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা লোটার কোনো সুযোগ দেওয়া হবে না এবং জব্দকৃত ডিজেল সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্ট এলাকায় এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: