খাসিয়া পুঞ্জিতে ১২ শতাধিক পান গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে এক আদিবাসী দম্পতির প্রায় ১২ শতাধিক পান গাছ কেটে ফেলার বর্বরোচিত ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২ এপ্রিল) কুলাউড়া শহরে বিশাল মানববন্ধন ও প্রতিবাদী মিছিল করেছেন আদিবাসীরা। কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ), বাংলাদেশ আদিবাসী ফোরাম এবং বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ক্ষতিগ্রস্ত অনন্ত ও সরিস লামারাই দম্পতিকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আদিবাসী পান চাষিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, প্রথাগত ভূমি অধিকার রক্ষা এবং পুঞ্জি এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার করার দাবি জানানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং জানিয়েছেন, গত ২৮ মার্চ রাতের আঁধারে দুর্বৃত্তরা পানের জুমে ঢুকে গাছগুলো কেটে ফেলায় ওই পরিবারের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা তাদের একমাত্র জীবিকা ছিল।
ক্ষতিগ্রস্ত অনন্ত লামারাই কান্নায় ভেঙে পড়ে বলেন, সকালে বাগানে গিয়ে দেখেন অধিকাংশ গাছ মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে, যা তাদের পথে বসিয়ে দিয়েছে।
কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা নিশ্চিত করেছেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে এই ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে এবং তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: