রোববার থেকে জরুরি টিকাদান
মৌলভীবাজারে হামের প্রকোপ, আইসোলেশন ইউনিট চালু
মৌলভীবাজার জেলায় আশঙ্কাজনক হারে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে জেলাজুড়ে বিশেষ জরুরি টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল পর্যন্ত জেলায় মোট ৭৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে সংক্রমণের নিশ্চিত প্রমাণ মিলেছে। আক্রান্তদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ই থাকায় এবং নিয়মিত টিকা গ্রহণকারীদের মধ্যেও সংক্রমণ দেখা দেওয়ায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পঞ্চম তলায় ২০ শয্যার একটি পৃথক আইসোলেশন ইউনিট দ্রুত কার্যকর করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে জরুরি ভার্চ্যুয়াল বৈঠকের পর ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য এই বিশেষ টিকাদান কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার জন্য বর্তমানে জেলায় প্রায় ৩৭ হাজার ডোজ ভ্যাকসিন মজুত রয়েছে এবং ঢাকা থেকে আরও ডোজ পাঠানোর প্রক্রিয়া চলছে। সংক্রমণ ঠেকাতে আক্রান্ত রোগীদের আশপাশের প্রায় ১২০টি বাড়িতে বিশেষ ‘সার্চিং’ কার্যক্রমের পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হচ্ছে, যা নিউমোনিয়া ও দৃষ্টিশক্তি ক্ষতির ঝুঁকি কমাতে সহায়ক হবে। বর্তমানে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ১৯ জনসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে অর্ধশতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন; তবে এখন পর্যন্ত জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের জ্বর, সর্দি ও কাশির পর শরীরে লালচে র্যাশ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য অভিভাবকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: