কমলগঞ্জে বিনা চিকিৎসায় অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: শ্রমিকদের বিক্ষোভ
Led Bottom Ad

কমলগঞ্জে বিনা চিকিৎসায় অন্তঃসত্ত্বা চা শ্রমিকের মৃত্যু: শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০২/০৪/২০২৬ ২৩:২০:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা-বাগানে কর্মরত এক অন্তঃসত্ত্বা নারী শ্রমিকের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে পূর্ণ কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা। মৃত রিয়া বেগম (২২) ওই বাগানের স্থায়ী শ্রমিক সাব্বির মিয়ার স্ত্রী এবং নিজেও সেখানে কর্মরত ছিলেন।

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মিসহ আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, রিয়া বেগম অসুস্থ হয়ে পড়লে বাগান ব্যবস্থাপকের কাছে জরুরি চিকিৎসা সহায়তা চাওয়া হয়েছিল, কিন্তু বাগান কর্তৃপক্ষ কোনো প্রকার সহযোগিতা না করায় গত বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে টাকার অভাবে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে এবং বাগান ব্যবস্থাপকের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে দেওড়াছড়া বাগানের কয়েকশ শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় নাজির আহমদ, সঞ্জয় কানু ও পলাশ কর্মকারসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে কমলগঞ্জ থানার এসআই আমির হোসেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালি সভাপতি ধনা বাউরী এবং রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার জানিয়েছেন, বর্তমানে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আলোচনার প্রক্রিয়া চলছে এবং বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে দেওড়াছড়া চা-বাগানের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল হকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad