শ্রীমঙ্গলে স্কুলছাত্র হত্যা: দুই আসামি গ্রেপ্তার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ মিয়া হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভুনবীর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মারুফ মিয়া (২৪) ও জুয়েল মিয়া (২৭)। তাঁরা শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আশিয়ারকুল এলাকার বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত জুনায়েদের ব্যবহৃত মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়েছে, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি আরও জানান, তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।
বুধবার (১ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার জুনায়েদ হত্যার ঘটনায় তাঁর মা ইয়ারুন নেছা শ্রীমঙ্গল থানায় নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ডি আর ডি
মন্তব্য করুন: