তেলিয়াপাড়ায় দিবস ৪ এপ্রিল : মাধবপুরে আসছেন মির্জা ফখরুল
ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা-এর তেলিয়াপাড়ায় আগামী ৪ এপ্রিল এক জনসমাবেশে যোগ দিতে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দিবসটি উপলক্ষে তেলিয়াপাড়া চা-বাগান স্মৃতিসৌধ প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তরুণদের জন্য উদ্বুদ্ধকরণ পর্ব।
আয়োজকরা জানিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তেলিয়াপাড়ার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরাই এবারের আয়োজনের মূল লক্ষ্য। ইতোমধ্যে সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জানা গেছে, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা-বাগানে মুক্তিযুদ্ধকালীন একটি গুরুত্বপূর্ণ সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর দিবসটি উদযাপন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এছাড়া বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশ নেবেন।
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, দিবসটি উপলক্ষে একটি সফল ও তাৎপর্যপূর্ণ আয়োজন হবে। তিনি আশা প্রকাশ করেন, এ সমাবেশের মাধ্যমে এলাকার উন্নয়নসহ বিভিন্ন বিষয় সরকারের নজরে আনা যাবে।
আয়োজকরা জানান, সমাবেশকে ঘিরে স্থানীয়ভাবে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
ডি আর ডি
মন্তব্য করুন: