কমলগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, চালক আটক
মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মনু শব্দ কর (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন; মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মনু শব্দ কর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিচরন গ্রামের মৃত সন শব্দ করের স্ত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকাকালীন বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত মোটরসাইকেল চালক রনি আহমদ (১৭) হাসপাতালে উপস্থিত হলে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ তাকে তাৎক্ষণিক হেফাজতে নেয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত চালককে আটক করা হয়েছে এবং এই ঘটনায় মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: