শ্রীমঙ্গলে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজারে একটি গুড়ের দোকানে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনাটি ঘটে।
দোকান মালিক শ্যামল দেবের দেওয়া তথ্য অনুযায়ী, সকালে দোকান খোলার কিছুক্ষণ পরই এক কর্মচারী প্রাণীটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে মুহূর্তেই উৎসুক পথচারী ও আশপাশের ব্যবসায়ীরা সেখানে ভিড় জমান। এ সময় উপস্থিত জনমনিষের মধ্যে তক্ষকটির মূল্য নিয়ে অতিরঞ্জিত গুজব ছড়িয়ে পড়লেও দোকান মালিক সচেতনতার পরিচয় দিয়ে তৎক্ষণাৎ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারকারী স্বপন দেব সজল জানান, তক্ষক একটি সংরক্ষিত বন্যপ্রাণী এবং এটি নিয়ে প্রচলিত লক্ষাধিক টাকার মূল্যের গুজবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। পরে প্রাণীটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয় এবং বন বিভাগ জানিয়েছে যে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তক্ষকটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
বিশেষজ্ঞরা এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত বা গুজবে বিভ্রান্ত না হয়ে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: