ঘাতক চালক আটক
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ২ জন নিহত এবং অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সিরাজনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, তিনি হলেন অটোরিকশা চালক আব্দুল হান্নান। অন্য নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের মধ্যে রাহুল (১৮) ও ছাব্বির মিয়া (৩৭) নামে দুজনকে শনাক্ত করা হয়েছে, তবে অপর আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অটোরিকশাটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মুহিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক মাইক্রোবাসের চালক নাঈমকে (২৫) আটক করেছে পুলিশ। বর্তমানে যানবাহন দুটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ রহমান
মন্তব্য করুন: