কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কর্তন, থানায় অভিযোগ
Led Bottom Ad

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কর্তন, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

৩০/০৩/২০২৬ ১৯:৩৫:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুর্গম ইছাছড়া খাসিয়া পুঞ্জিতে এক পানচাষির সহস্রাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


রোববার (২৯ মার্চ) রাতে অনন্ত নামের ওই চাষি কুলাউড়া থানায় অভিযোগ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইছাছড়া পুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের ৪৬টি পরিবার বসবাস করে। তাঁদের প্রধান জীবিকা পান চাষ। টিলাভূমির আলাদা আলাদা জমিতে প্রতিটি পরিবার পান চাষ করে থাকে।


অভিযোগ অনুযায়ী, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা অনন্তের পানজুমে ঢুকে প্রায় ১ হাজার ২০০টি পানগাছ কেটে ফেলে। রোববার সকালে জমিতে গিয়ে তিনি গাছগুলোর গোড়া কাটা অবস্থায় দেখতে পান।


ক্ষতিগ্রস্ত অনন্ত বলেন, ‘পান চাষই আমার একমাত্র জীবিকা। কারও সঙ্গে কোনো বিরোধ নেই। তবু কে বা কারা এমন ক্ষতি করল, বুঝতে পারছি না।’ তিনি জানান, এতে তাঁর প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।


কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য সিলভেস্টার পাঠাং বলেন, ‘একটি পানগাছ থেকে ফলন পেতে কয়েক বছর সময় লাগে। রাতের আঁধারে সব গাছ কেটে একজন চাষির স্বপ্ন নষ্ট করে দেওয়া হয়েছে।’


কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, অভিযোগ পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad