রাজনগরে ৫ স্পটে রমরমা জুয়ার আসর: পুলিশের নীরবতা নিয়ে জনমনে ক্ষোভ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার অন্তত পাঁচটি স্থানে প্রতি রাতে বসছে রমরমা জুয়ার আসর, যা নিয়ে পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, থানা পুলিশের পরোক্ষ মদদে এবং রাজনৈতিক ছত্রছায়ায় এসব আসর চললেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিশেষ করে পাঁচগাঁও ইউনিয়নের চাঁন্দেরভাঙা এলাকায় বিশাল জুয়ার আসর থেকে প্রতি রাতে ওয়ান টেন বোর্ডের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন হচ্ছে। অভিযোগ উঠেছে, স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে এই আসর থেকে প্রতি রাতে ৫০ হাজার টাকা পুলিশকে দেওয়া হয়। এমনকি টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে কয়েক দিন আগে অভিযান চললেও সমঝোতার পর আবারও আসরটি চালু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অন্যদিকে, রাজনগর থানা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে মনসুরনগর ইউনিয়নের গোবিন্দবাটি এলাকায় এক ছাত্রদল নেতার আশ্রয়ে প্রতি রাতে জুয়ার আসর বসছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। এছাড়া কুবজার, আমিরপুর এবং উত্তরভাগ ইউনিয়নের বান্দেরবাজার এলাকায় নিয়মিত জুয়ার আসর চলায় আইনশৃঙ্খলার চরম অবনতির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন সচেতন মহল। স্থানীয় এক মাদ্রাসা শিক্ষক জানান, জুয়ার কারণে এলাকায় অন্যান্য অপরাধের মাত্রাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী জানিয়েছেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর এবং কোনো নেতাকর্মী জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি দেখে অনুসন্ধান চালালেও জুয়ার আসরের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং পুলিশ এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: